মালদা

গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে

পণের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে, মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুরের সারিয়াটোলা গ্রামে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

            জানা গেছে, মৃত ওই গৃহবধূর নাম লালবানু বিবি।বৈষ্ণবনগর থানার ভাগজান গ্রামের বাসিন্দা লালবানু বিবির গত ৮ বছর আগে বিয়ে হয় কৃষ্ণপুরের সারিয়াটোলা গ্রামের বাসিন্দা সাইমুল হকের সাথে। মৃত গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মেয়ের উপর চাপ দিতো সাইমুল। এই নিয়ে মাঝেমধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে বচসা লেগে থাকত। মারধর করা হত তাদের মেয়েকে। তাদের মেয়ে বিড়ি বেধে যা টাকা আয় করত তা দিয়ে সংসার চলতো। বৃহস্পতিবার রাতে এই নিয়ে আবার বচসা শুরু হয়।

            অভিযোগ বচসা চলাকালিন সাইমুল হক শ্বাসরোধ করে তাদের মেয়েকে খুন করে। এরপর শুক্রবার সকালে স্থানীয়দের মারফৎ বিষয়টি তারা জানতে পায়। ঘটনাস্থলে ছুটে এসে তারা দেখতে পান মেয়ের নিথর দেহ পরে রয়েছে। এই ঘটনায় বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতার পরিবারের পক্ষ থেকে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাইমুল সহ তার পুর পরিবার পলাতক।

            মেয়ের পরিবার সুত্রে জানা যায়, সাইমুল লালবানু বিবি ছাড়াও আরও দুইজনকে বিয়ে করেছেন। সে তাদের সাথেই বেশী থাকে। সমস্ত কিছু খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।